প্রধানমন্ত্রী মৌলভীবাজার আগমন উপলক্ষে কর্মসূচি
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৭ জুন (বুধবার) মৌলভীবাজার জেলা সফর করবেন। সফরকালে তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং পরে দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগদান করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ১৭ জুন সকাল ৯টায় তিনি নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ৯টা ৩০ মিনিটে বিমানবন্দর থেকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে দুপুর ২টায় তিনি মৌলভীবাজার সদর উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন।
বিকেল ২টা ৩০ মিনিটে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
পরে বিকেল ৩টা ৩০ মিনিটে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুসাই রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছে সংক্ষিপ্ত বিরতি নেবেন। এরপর বিকেল ৪টা ৪৫ মিনিটে দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় অংশগ্রহণ করবেন।
রাজনৈতিক সভা শেষে বিকেল ৫টা ৪৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। রাত ৮টা ৩০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাত ৯টা ২০ মিনিটে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে উল্লেখ করা হয়েছে, এটি একটি সরকারি সফর এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন।
প্রধানমন্ত্রীর বহুল প্রতীক্ষিত এই সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার রাজনৈতিক অঙ্গনেও এ সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: