বড়লেখায় মাদক কারবারিসহ বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি এবং বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আরও সাতজনকে গ্রেপ্তার করেছে।
সোমবার (১৫ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার গোবিন্দুপুর গ্রামের মৃত মনোরঞ্জন দাসের ছেলে শিতুল দাসকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া একই অভিযানে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি নিজ দক্ষিণভাগ গ্রামের স্বপন দেব এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ সাত হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সফরপুর গ্রামের সাবের আহমদ বাবুলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, পরোয়ানাভুক্ত আসামি হিসেবে বাদে পুকুরিয়া গ্রামের দেলোয়ার হোসেন, নয়াগ্রামের জাহিদ হাসান, বড়লেখা এলাকার সমর মালাকার এবং বড়াইল গ্রামের সাদিক ও ফরহাদকেও গ্রেপ্তার করা হয়েছে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান বলেন, “বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে এক মাদক কারবারিসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
তানজুমা তাবাসসুম
মন্তব্য করুন: