শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন

প্যান্ডেল ভাঙলেও উৎসবে ভাটা পড়েনি

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন

কামরান আহমদ, মৌলভীবাজার

১৭/০৬/২০২৬ ১৪:৪৯:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনুষ্ঠানিকভাবে ‘তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলে কম্পিউটারের সুইচ টিপে তিনি দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।


উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত ১০ জন উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। এই কর্মসূচির আওতায় পরীক্ষামূলকভাবে প্রথম পর্যায়ে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারকে প্রতি মাসে ২,৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবের মাধ্যমে সরাসরি এই টাকা পাঠানো হবে, যার ফলে তারা ঘরে বসেই ভাতার অর্থ গ্রহণ করতে পারবেন।


এদিকে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মৃদু বাতাসের কারণে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপকারভোগী ও অতিথিদের বসার জন্য নির্মিত প্যান্ডেলটি ভেঙে পড়ে। এ সময় ভেতরে বসা মানুষের মধ্যে কিছুটা ছোটাছুটি ও আতঙ্কের সৃষ্টি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মূল মঞ্চটিও সম্পূর্ণ অক্ষত ছিল। ঘটনার পরপরই স্বেচ্ছাসেবকরা দ্রুততার সাথে ভেঙে পড়া প্যান্ডেলটি অপসারণ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

চা শ্রমিক ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড়


প্যান্ডেল ভেঙে পড়ার ঘটনাও সাধারণ মানুষের উৎসাহে কোনো চির ধরাতে পারেনি। দুপুর ১টায় শ্রীমঙ্গলে তীব্র বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে এসে পৌঁছান। তাকে একনজর দেখতে সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক চা শ্রমিক ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ মাঠে সমবেত হতে থাকেন।


প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার সব চা বাগান ছুটি ঘোষণা করা হয়েছিল। বাগানের গাড়িতে করে অনুষ্ঠানে আসা পূর্ণিমা রেলি ও জাদব নামের দুই চা শ্রমিক বলেন: "চায়ের দেশে প্রধানমন্ত্রী এসেছেন, তাই আমরা তাকে একনজর দেখতে এসেছি। আমাদের দীর্ঘদিনের দাবি, প্রধানমন্ত্রী যেন আমাদের ভূমির অধিকার নিশ্চিত করেন।"


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য এবং চিকিৎসাধীন রোগীদের মাঝে সহায়তার চেকও বিতরণ করেন।


শ্রীমঙ্গলের অনুষ্ঠান শেষে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।


উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পূর্বে নির্বাচনি প্রচারণায় মৌলভীবাজারে এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ ৪ মাস পর প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো মৌলভীবাজার জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থান নিয়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: