মৌলভীবাজারে সিএনজি থেকে ৮০ হাজার টাকা লুট

যাত্রীবেশে পকেটমার চক্র

মৌলভীবাজারে সিএনজি থেকে ৮০ হাজার টাকা লুট

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৮/০৬/২০২৬ ২৩:৫৯:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে সিএনজি অটোরিকশায় যাত্রীবেশে থাকা চোর চক্রের অভিনব চুরির শিকার হয়েছেন এক ব্যক্তি। ‘ওষুধ ফেলে আসার’ নাটক করে গাড়ি ঘোরানোর সুকৌশল খাটিয়ে মোঃ আওলাদ মিয়া (৫২) নামের এক ব্যক্তির পকেট থেকে নগদ ৮০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে অজ্ঞাতনামা প্রতারকেরা।


গত ১৭ জুন (বুধবার) দুপুর আনুমানিক আড়াইটার দিকে মৌলভীবাজার-রাজনগর সড়কের উত্তর মুলাইম এলাকায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী মোঃ আওলাদ মিয়া বাদী হয়ে ওই রাতেই মৌলভীবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


ভুক্তভোগী আওলাদ হোসেন রাজনগর উপজেলার ৪নং পাঁচগাঁও ইউনিয়নের সারংপুর গ্রামের মৃত ইলিয়াছ মিয়ার ছেলে।


লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুন দুপুর ১টা ২০ মিনিটের দিকে মোঃ আওলাদ মিয়া মৌলভীবাজার শমসেরনগর রোডের 'বনফুল' মিষ্টির দোকানের ভেতরে তাঁর বন্ধু সৈয়দ আবুল কালাম আজাদের কাছ থেকে ব্যক্তিগত প্রয়োজনে নগদ ৮০,০০০ টাকা নেন। টাকা নিয়ে তিনি রাজনগর যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। দুপুর আনুমানিক ২টা ২৬ মিনিটের দিকে চৌমুহনা শাপলা ফলের দোকানের সামনে থেকে তিনি একটি রাজনগরগামী সিএনজি অটোরিকশায় ওঠেন।


সিএনজিটি চাঁদনীঘাট হয়ে মৌলভীবাজার-রাজনগর রোডের উত্তর মুলাইম নামক স্থানে পৌঁছালে ঘটে বিপত্তি। গাড়িতে থাকা অজ্ঞাতনামা এক যাত্রী হঠাৎ চিৎকার করে বলে ওঠেন যে তিনি তাঁর জরুরি ‘ওষুধ ফেলে এসেছেন’। ওই যাত্রী পুনরায় চৌমুহনা ফিরে যাওয়ার আকুতি জানালে সিএনজিচালক গাড়িটি ঘুরিয়ে ফেলেন।


পরিস্থিতি দেখে আওলাদ মিয়া উত্তর মুলাইম এলাকাতেই সিএনজি থেকে নেমে যান। গাড়ি থেকে নামার পর সন্দেহ হলে তিনি প্যান্টের পকেট চেক করে দেখেন, ভেতরে থাকা ৮০ হাজার টাকার বান্ডিলটি উধাও!


ভুক্তভোগী আওলাদ মিয়া জানান, “সিএনজিতে ওঠার পর থেকে উত্তর মুলাইম যাওয়ার পথেই যাত্রীবেশী অজ্ঞাতনামা ব্যক্তিরা অত্যন্ত কৌশলে আমার পকেট থেকে টাকাগুলো চুরি করে নেয়। এরপর ধরা পড়ে যাওয়ার ভয়েই তারা ওষুধ ফেলে আসার নাটক করে গাড়ি ঘুরিয়ে চম্পট দেয়।”


ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৌলভীবাজার মডেল থানা-পুলিশ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, শমসেরনগর রোড, চৌমুহনা এবং চাঁদনীঘাট এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এই চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। একই সাথে সিএনজি অটোরিকশাটিকেও খোঁজা হচ্ছে।


এদিকে, গণপরিবহনে যাতায়াতের সময় সাধারণ মানুষকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় সচেতন মহল।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad