ফ্রান্সে দ্বিতীয় তাপপ্রবাহ, চরম গরমে সতর্কতা জারি
ফ্রান্সে আবারও তাপপ্রবাহের প্রকোপ বাড়তে শুরু করেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটির ৫৩টি প্রশাসনিক এলাকাকে তাপপ্রবাহ সতর্কতার আওতায় এনেছে আবহাওয়া বিভাগ মেটেও-ফ্রান্স।
শুক্রবার দুপুর থেকে কার্যকর হওয়া এই সতর্কতা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত অঞ্চলে প্রযোজ্য হবে। এর আগে বৃহস্পতিবার ২৬টি এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছিল। মাত্র একদিনের ব্যবধানে আরও ২৭টি এলাকা যুক্ত হওয়ায় সতর্কতার পরিধি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
মেটেও-ফ্রান্স জানিয়েছে, চলতি বসন্ত মৌসুমে এটি দেশটির দ্বিতীয় তাপপ্রবাহ। আবহাওয়াবিদদের মতে, এই তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী হওয়ার পাশাপাশি ব্যাপক এলাকা জুড়ে তীব্র আকার ধারণ করতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ফ্রান্সের পশ্চিমাঞ্চলের মাসিফ সেন্ট্রাল থেকে উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। অন্যদিকে ফ্রেঞ্চ রিভিয়েরা ও কর্সিকার আশপাশের কিছু এলাকায় পারদ ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
রাজধানী প্যারিস ও আশপাশের ইলে-দ্য-ফ্রান্স অঞ্চলেও তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। তীব্র গরমে স্বস্তি খুঁজতে অনেককে প্যারিসের ক্যানাল সেন্ট-মার্টিনের তীরে ভিড় করতে দেখা গেছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, উচ্চ তাপমাত্রার এই পরিস্থিতি জনস্বাস্থ্য ও দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সজল আহমেদ
মন্তব্য করুন: