ফিলিস্তিনপন্থি প্রার্থীদের উত্থানে ডেমোক্র্যাটদের ইসরাইল নীতিতে পরিবর্তনের ইঙ্গিত

ফিলিস্তিনপন্থি প্রার্থীদের উত্থানে ডেমোক্র্যাটদের ইসরাইল নীতিতে পরিবর্তনের ইঙ্গিত

প্রথম ডেস্ক

২৬/০৬/২০২৬ ১১:১৭:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ডেমোক্রেটিক পার্টির সাম্প্রতিক প্রাইমারি নির্বাচনে ইসরাইলের সমালোচক হিসেবে পরিচিত তিন প্রার্থীর জয় দলটির ভেতরে মধ্যপ্রাচ্য নীতি নিয়ে পরিবর্তনের স্পষ্ট বার্তা দিচ্ছে। বিশ্লেষকদের মতে, ডেমোক্র্যাট ভোটারদের একটি বড় অংশ এখন আগের তুলনায় ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতিশীল এবং ইসরাইলের কর্মকাণ্ডের ব্যাপারে আরও সমালোচনামুখর হয়ে উঠছে।

মঙ্গলবার অনুষ্ঠিত প্রাইমারিতে বিজয়ী ব্র্যাড ল্যান্ডার, ক্লেয়ার ভ্যালডিজ এবং ডারিয়ালিজা আভিলা শ্যাভালিয়ারকে প্রকাশ্যে সমর্থন দেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। ফিলিস্তিনি অধিকার আন্দোলনের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত মামদানি নির্বাচনী প্রচারণায় ইসরাইলপন্থি লবিগুলোর কড়া সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এসব গোষ্ঠীর প্রভাব এখনো অত্যন্ত শক্তিশালী।

নির্বাচনে জয়ের পর হারলেমে আয়োজিত সমাবেশে আভিলা শ্যাভালিয়ারের সমর্থকদের ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিতে দেখা যায়। সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ডেমোক্র্যাটিক পার্টিতে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হচ্ছে এবং পুরোনো রাজনীতির ধারা বদলে যাচ্ছে।

এদিকে, চলতি বছরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইসরাইলপন্থি সংগঠনগুলোও তাদের প্রভাব ধরে রাখতে ব্যাপক অর্থ ব্যয় করছে। আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (আইপ্যাক) জানিয়েছে, তাদের সমর্থন পাওয়া ১৮০ জন ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থী ইতোমধ্যে নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনের মনোনয়ন নিশ্চিত করেছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক পরিবর্তনের কারণে সংগঠনটি এখন অনেকটাই প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে।

জনমত জরিপেও ডেমোক্র্যাটদের অবস্থান পরিবর্তনের প্রতিফলন দেখা যাচ্ছে। নিউইয়র্ক টাইমস/সিয়েনার এক জরিপে দেখা যায়, ৬০ শতাংশ ডেমোক্র্যাট ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতি প্রকাশ করেছেন, যেখানে মাত্র ১৫ শতাংশ ইসরাইলের প্রতি বেশি সমর্থন জানিয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই এ প্রবণতা আরও স্পষ্ট হয়েছে।

ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেন, দলের ভেতরে এখন এমন মত ক্রমেই জোরালো হচ্ছে যে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে ইসরাইলকে নিঃশর্ত সহায়তা দেওয়া উচিত নয়। তার আশা, আগামী কংগ্রেসে ইসরাইলকে স্বয়ংক্রিয় সমর্থন দেওয়ার নীতিতে পরিবর্তন আসবে।

নিউইয়র্কের অন্যতম আলোচিত প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান কংগ্রেসম্যান ড্যান গোল্ডম্যানকে বড় ব্যবধানে হারান ব্র্যাড ল্যান্ডার। নির্বাচনী প্রচারণায় তিনি গোল্ডম্যানের বিরুদ্ধে ইসরাইল ইস্যুতে যথেষ্ট কঠোর অবস্থান না নেওয়ার অভিযোগ তুলেছিলেন।

অন্যদিকে সবচেয়ে আলোচিত জয় আসে ডারিয়ালিজা আভিলা শ্যাভালিয়ারের হাত ধরে। তিনি দীর্ঘদিনের কংগ্রেস সদস্য ও ইসরাইলের দৃঢ় সমর্থক আদ্রিয়ানো এসপাইলাতকে পরাজিত করেন। পশ্চিম তীরে বসবাসের অভিজ্ঞতা এবং ফিলিস্তিনপন্থি কর্মকাণ্ডের কারণে আভিলা শ্যাভালিয়ার আগে থেকেই আলোচনায় ছিলেন।

সজল আহমেদ / প্রীতম দাস

মন্তব্য করুন: