থানায় শ্রমিক দল নেতার অভিযোগ
এমপি নাছির চৌধুরীর মৃত্যুর গুজব!
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন চৌধুরীর মৃত্যু নিয়ে ফেসবুকে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে শাল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার (১ জুলাই) শাল্লা উপজেলা শ্রমিক দলের সভাপতি শ্যামল সরকার বাদী হয়ে থানায় এই অভিযোগটি জমা দেন।
লিখিত অভিযোগে বাদী উল্লেখ করেন, সুনামগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন চৌধুরী বর্তমানে সম্পূর্ণ সুস্থ শরীরে ঢাকায় অবস্থান করছেন। কিন্তু সম্প্রতি কিছু স্বার্থান্বেষী ও ষড়যন্ত্রকারী মহল নিজেদের ব্যক্তিগত ফায়দা হাসিলের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর মৃত্যু সংক্রান্ত সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর গুজব ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।
শ্যামল সরকার জানান, ফেসবুকে স্ক্রল করার সময় হুট করেই এই মিথ্যা সংবাদটি তাঁর নজরে আসে। তাৎক্ষণিকভাবে তিনি সংসদ সদস্যের পরিবারের সাথে যোগাযোগ করে নিশ্চিত হন যে খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এমপি মহোদয় সুস্থ আছেন।
এমতাবস্থায়, বিভ্রান্তি ছড়ানোর দায়ে "দিরাই JNR" নামক ফেসবুক আইডিটির (লিঙ্ক: https://www.facebook.com/share/1jczSXFRQW/) সঠিক ব্যবহারকারীকে শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে এই অভিযোগে।
অভিযোগের সত্যতা স্বীকার করে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকিবুজ্জামান প্রথম সিলেটকে জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিশিকান্ত সরকার/ তাহির আহমদ
মন্তব্য করুন: