সিলেট বোর্ডে ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন পাস
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫—দুই সূচকেই পিছিয়েছে পরীক্ষার্থীরা। বোর্ডে এবার গড় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ, যা গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন।
শনিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার বোর্ডে মোট ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর পাসের হার ছিল ৫১ দশমিক ৮৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬০২ জন।
চার জেলার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ৫৭ দশমিক ৬২ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে সিলেট জেলা। অন্যদিকে সর্বনিম্ন ৪৩ দশমিক ৮৪ শতাংশ পাস করেছে মৌলভীবাজারে। তবে পাসের হারে পিছিয়ে থাকলেও ১৫১টি জিপিএ-৫ পেয়ে জেলাগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মৌলভীবাজার। এছাড়া জেলাটিতে পাসের হার ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা।
বোর্ডের সামগ্রিক পাসের হারেও গত পাঁচ বছরের ধারাবাহিকতায় ৫২ দশমিক ৩৮ শতাংশ পাস নিয়ে ছেলেদের (৪৮.৭২%) চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। তবে জিপিএ-৫ প্রাপ্তিতে সামান্য এগিয়েছে ছেলেরা (৬১৩ জন), যেখানে মেয়েদের সংখ্যা ৫৯১।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ ৬৮ দশমিক ৫৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার যথাক্রমে ৪৬ দশমিক ২৯ ও ৪৭ দশমিক ৮১ শতাংশ।
জেলা ও বোর্ডের গড় ফলাফলের তুলনায় শ্রীমঙ্গল সরকারি কলেজ (৫৯.১৭%) এবং মৌলভীবাজার সরকারি কলেজ (৭৪.৭৫%) উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। বোর্ডের ৩৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৬টিতে শতভাগ শিক্ষার্থী পাস করলেও ৩টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছে ২২ জন পরীক্ষার্থী।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: