জুলাইয়ে স্বাভাবিক বৃষ্টি, বন্যার ঝুঁকিতে তিন অঞ্চল

জুলাইয়ে স্বাভাবিক বৃষ্টি, বন্যার ঝুঁকিতে তিন অঞ্চল

প্রথম ডেস্ক

০২/০৭/২০২৬ ০৬:০৪:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জুন মাসে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কম হলেও চলতি জুলাইয়ে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে মৌসুমি ভারী বর্ষণের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস–সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা শেষে এ তথ্য জানানো হয়।


আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. নূরুল করিম বলেন, জুলাই মাসে মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান নদ-নদীর পানির স্তর সামগ্রিকভাবে বাড়তে পারে। ভারী বৃষ্টির প্রভাবে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।


এদিকে উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলা ইতোমধ্যে উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে স্বল্পমেয়াদি বন্যার প্রভাব মোকাবিলা করছে। কয়েক দিন ধরেই ওই অঞ্চলের নিচু এলাকা প্লাবিত রয়েছে।


আবহাওয়া অধিদপ্তরের জুলাই মাসের পূর্বাভাসে বলা হয়েছে, জুনে স্বাভাবিকের তুলনায় ২৯ দশমিক ৪ শতাংশ কম বৃষ্টিপাত হলেও জুলাইয়ে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ৮ থেকে ৯ দিন বজ্রপাত এবং ১ থেকে ২টি বিচ্ছিন্ন মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।


তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। একই সময়ে ৩ থেকে ৫টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। বঙ্গোপসাগরে ৪ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে ১ থেকে ৩টি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে। এছাড়া এ সময়ে দেশে ১০ থেকে ১৫ দিন বজ্রপাত হতে পারে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।


কৃষি আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, জুলাই মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৩ দশমিক ৭৫ থেকে ৫ দশমিক ৭৫ ঘণ্টার মধ্যে থাকতে পারে।


সংস্থাটির তথ্য অনুযায়ী, সদ্যসমাপ্ত জুন মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নরসিংদীতে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ওই মাসে দেশের গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

সজল আহমেদ

মন্তব্য করুন: