পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ আ.লীগ কর্মী ছিনতাই

পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ আ.লীগ কর্মী ছিনতাই

ঢাকা অফিস

০২/০৭/২০২৬ ২০:১১:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বরিশালের মুলাদী উপজেলায় গ্রেপ্তার হওয়া এক আওয়ামী লীগ কর্মীকে হ্যান্ডকাফসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা। পরে গভীর রাতে সমঝোতার মাধ্যমে হ্যান্ডকাফটি উদ্ধার করতে সক্ষম হলেও আসামি এখনো পলাতক। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় একটি নতুন মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপুল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার ঘটনায় পুলিশের দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি ছিলেন রাসেদুল ইসলাম সেতু ভূঁইয়া। বুধবার বিকেলে রামারপুল বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় স্থানীয় একদল লোক পুলিশকে চারপাশ থেকে ঘিরে ধরে এবং একপর্যায়ে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই সেতুকে ছিনিয়ে নিয়ে যায়।

আসামির সাথে হ্যান্ডকাফও চলে যাওয়ায় বিপাকে পড়ে পুলিশ। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও সমঝোতার মাধ্যমে গভীর রাতে পুলিশের দেওয়া চাবি দিয়ে হ্যান্ডকাফটি খুলে ফেরত দেওয়া হয়।

 এ ঘটনায় মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার (২ জুলাই) সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে নতুন একটি মামলা দায়ের করেছেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, "ঘটনার পরপরই পুলিশ হ্যান্ডকাফটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে আসামি রাসেদুল ইসলাম সেতুসহ এই ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"

সজল আহমেদ

মন্তব্য করুন: