ধেয়ে আসছে তৃতীয় বৃষ্টি বলয়,রবিবার থেকে শুরুর সম্ভাবনা
কয়েক ঘণ্টার মধ্যেই দেশে প্রবেশ করতে পারে চলতি বছরের তৃতীয় বৃষ্টি বলয়, যেটির নাম দেওয়া হয়েছে ‘ধারা’। রোববার থেকে আগামী এক সপ্তাহ এই বৃষ্টি বলয় স্থায়ী হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (৪ জুলাই) বিকেল পৌনে পাঁচটার দিকে নিজেদের ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কাজ করা ‘বাংলাদেশ ওয়েদার অবজারবেশন টিম লিমিটেড’।
সংস্থাটি তাদের পোস্টে লিখেছে, জুলাইয়ের ৫ তারিখের মধ্যে দেশে প্রবেশ করতে পারে নতুন বৃষ্টি বলয় ‘ধারা’। যা পর্যায়ক্রমে চলতে পারে জুলাইয়ের ১৩ তারিখ পর্যন্ত।
আরও জানানো হয়েছে, আসন্ন এই বৃষ্টি বলয় সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে চট্টগ্রাম বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। মাঝারি সক্রিয় থাকতে পারে খুলনা ও ঢাকা বিভাগে। তুলনামূলক কম সক্রিয় থাকতে পারে রংপুর ও রাজশাহী বিভাগে।
তবে বৃষ্টি বলয় ‘ধারা’ কতটা শক্তি নিয়ে দেশে প্রবেশ করতে পারে, সে ব্যাপারে কিছু জানায়নি ওয়েদার অবজারবেশন টিম। প্রতিষ্ঠানটি শুধু জানিয়েছে, ‘শিগগিরই এর বিস্তারিত আপডেট করা হবে।’
এর আগে গত ১৩ থেকে ১৭ মার্চের মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে সক্রিয় ছিল বছরের প্রথম বৃষ্টি বলয় ‘গোধূলী’। এটি বেশি সক্রিয় ছিল সিলেট ও ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের উত্তর–পূর্বাংশ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে। এর প্রভাবে জেলাগুলোতে দফায় দফায় ঝড়-বৃষ্টি হয়।
এরপর গত ২৫ এপ্রিল দেশে ধেয়ে আসে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’। যার প্রভাবে ৭ মে পর্যন্ত টানা ১২ দিন দেশের অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টি হয়। দুটি বৃষ্টি বলয়েরই আভাস দিয়েছিল বাংলাদেশ ওয়েদার অবজারবেশন টিম লিমিটেড।
এ ব্যাপারে সিলেট আবহাওয়া অফিস থেকে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয় নি।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: