ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার, নিখোঁজ অর্ধলক্ষ
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় তিন হাজারে পৌঁছেছে। এখনো ধ্বংসস্তূপের নিচে অনেক বাসিন্দা আটকে থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। শনিবার (৪ জুলাই) তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ জুন উত্তর ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৯৫৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৬ হাজার ৫৯২ জন। ভূমিকম্পের পর এ পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্যোগে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ৩ হাজার ২৮১ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি স্থানীয় আরও ২৯ হাজার ৫৬৭ জন কর্মী ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে অংশ নিচ্ছেন। জননিরাপত্তা নিশ্চিত করতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দলগুলোর তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে সরকারি তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের ফলে ১৬ হাজারের বেশি বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছেন। তাদের অনেকে সরকারি আশ্রয়কেন্দ্রে এবং অন্যরা অস্থায়ী তাঁবুশিবিরে অবস্থান করছেন। তবে বেসরকারি বিভিন্ন সূত্রের দাবি, দুর্যোগের পর থেকে দেশটিতে এখনো প্রায় অর্ধলক্ষ বাসিন্দা নিখোঁজ রয়েছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, গত ২৪ জুন ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, মূল ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৯৪২টি আফটারশক (অনুকম্পন) রেকর্ড করা হয়েছে।
তানজুমা তাবাসসুম
মন্তব্য করুন: