ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি 'বাতিল' করার ঘোষণা ট্রাম্পের
ইরানের সঙ্গে করা সমঝোতা চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন তিনি এ কথা জানান।
ন্যাটো মহাসচিব মার্ক রুটের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যে সমঝোতা ছিল, তার সময় শেষ হয়ে গেছে। তিনি দাবি করেন, সম্প্রতি ইরানের ওপর যুক্তরাষ্ট্র শক্তিশালী সামরিক হামলা চালিয়েছে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো ইরানকে পরমাণু সক্ষমতা থেকে দূরে রাখা। তিনি অভিযোগ করেন, তেহরানকে বিশ্বাস করা যায় না এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানকে তিনি আগেই সতর্ক করেছিলেন—যুক্তরাষ্ট্রের ওপর কোনো ধরনের হামলা হলে তার জবাব দেওয়া হবে। তিনি দাবি করেন, ইরানের কর্মকাণ্ডের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
এদিকে ইরান ইস্যুতে ন্যাটো মিত্রদের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থানকে ন্যাটোর সব সদস্য যথেষ্ট সমর্থন করেনি।
এর আগে হরমুজ প্রণালিতে কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় বলে জানায়। এর জবাবে ইরানও বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।
এদিকে ইরান ইস্যুতে ইউরোপের দেশ স্পেনের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। স্পেনকে ‘ভালো মিত্র নয়’ উল্লেখ করে দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা ভেঙে গেলে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়তে পারে। একই সঙ্গে এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক কূটনীতিতে।
সজল আহমেদ
মন্তব্য করুন: