ভেনেজুয়েলায় মহাবিপর্যয়: ভূমিকম্পে মৃত ৪ হাজার ছাড়াল

ভেনেজুয়েলায় মহাবিপর্যয়: ভূমিকম্পে মৃত ৪ হাজার ছাড়াল

প্রথম ডেস্ক

১১/০৭/২০২৬ ১৬:২৩:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। শুক্রবার দেশটির সরকার জানিয়েছে, ২৪ জুনের ওই ভূমিকম্পে এ পর্যন্ত ৪ হাজার ১১৮ জন নিহত এবং ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। ভেনেজুয়েলার পার্লামেন্ট প্রধান হোর্হে রদ্রিগেজ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। শতাধিক বছরের মধ্যে এটিই ছিল দেশটির সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্যের বহু বহুতল ভবন ধসে পড়ে এবং বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।

সরকারি উদ্ধারকারী দল জীবিতদের খোঁজে অভিযান শেষ করলেও নিখোঁজ স্বজনদের মরদেহ উদ্ধারের আশায় অনেক পরিবার এখনও ধ্বংসস্তূপে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

এদিকে শুক্রবার রাজধানী কারাকাসে রিখটার স্কেলে ৩ মাত্রার আরেকটি ভূকম্পন অনুভূত হলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি ভবন খালি করে দেওয়া হয়।

দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় সেবাব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় পুনরুদ্ধার কার্যক্রম বড় ধরনের চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে গত বুধবার জাতিসংঘ প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে, যাতে জরুরি সহায়তার প্রয়োজন থাকা প্রায় ১৩ লাখ মানুষের পাশে দাঁড়ানো যায়।

জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যালয়ের (ইউএনডিআরআর) হিসাব অনুযায়ী, ভূমিকম্পে আবাসন ও অবকাঠামোর প্রত্যক্ষ ক্ষতির পরিমাণ প্রায় ৩৭ বিলিয়ন মার্কিন ডলার।

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ পুনর্গঠন কার্যক্রমে অর্থ জোগাতে বিদেশে জব্দ থাকা ভেনেজুয়েলার সম্পদ ছাড়ের আহ্বান জানিয়েছেন। এ জন্য তিনি যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রায় ৩০ টন ভেনেজুয়েলার স্বর্ণ মুক্ত করে পুনরুদ্ধার কাজে ব্যবহারের অনুরোধ জানিয়েছেন।

সূত্র: এএফপি ও দ্য গার্ডিয়ান

আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad