শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষে এবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার পর শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে জড়ো হতে শুরু করে শিক্ষার্থীরা। শিক্ষা বোর্ড ঘেরাও করে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় বোর্ডের পক্ষ থেকে আলোচনার জন্য শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলকে ভেতরে যাওয়ার অনুরোধ জানানো হলে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন।
আন্দোলনরত ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী মারুফ হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষামন্ত্রী আমাদের ‘ফার্মের মুরগি’র সাথে তুলনা করেছেন। তিনি হয়তো ভুলে গেছেন, ২০২৪ সালে এই শিক্ষার্থীদের রক্তের বিনিময়েই তিনি আজ শিক্ষামন্ত্রী হতে পেরেছেন। আমাদের এখন একমাত্র দাবি ওনার পদত্যাগ। আমরা চাই একজন শিক্ষাবান্ধব ব্যক্তিকে যেন শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।”
এর আগে, সকাল সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
শিক্ষা বোর্ডের সামনে দায়িত্বরত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাহফুজুর রহমান গণমাধ্যমকে বলেন, “শিক্ষার্থীদের যে দাবি, সেটির সঙ্গে শিক্ষা বোর্ডের সরাসরি কোনো সম্পর্ক নেই। তারপরও তারা এখানে অবস্থান নিয়েছে। আমরা তাদের বুঝিয়ে বলার চেষ্টা করছি। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”
আর আর
মন্তব্য করুন: