সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, মোট শনাক্ত ৮২

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, মোট শনাক্ত ৮২

প্রথম সিলেট প্রতিবেদন

১৮/০৭/২০২৬ ২০:৪১:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট বিভাগে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত বিভাগজুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। তবে আশার কথা হলো, এখন পর্যন্ত সিলেটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

আজ শনিবার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে মোট পাঁচজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চারজন এবং হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে একজন ভর্তি আছেন। বাকিরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বিভাগের জেলাভিত্তিক তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছর হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ ৪০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জে ১৬ জন, সিলেট জেলায় ১৫ জন এবং মৌলভীবাজারে আটজন রোগী শনাক্ত হয়েছেন। এর বাইরে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসে ডেঙ্গু শনাক্ত হয়েছেন আরও তিনজন, যাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোণা ও বরিশালে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, “গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। যেহেতু বর্ষা মৌসুম চলছে, তাই এডিস মশার প্রজনন বাড়ার আশঙ্কা বেশি। ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad