ফেরি থেকে নদীতে লাফ দেয়া গৃহবধূকে জীবিত উদ্ধার

ফেরি থেকে নদীতে লাফ দেয়া গৃহবধূকে জীবিত উদ্ধার

প্রথম ডেস্ক

২৬/০৭/২০২৬ ১১:৩৫:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রাজবাড়ীর দৌলতদিয়া পাটু‌রিয়া নৌপথে চলাচলকারী একটি ফেরি থেকে পদ্মা নদীতে লাফ দেয়া এক গৃহবধূকে প্রায় পৌনে চার ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাত প্রায় ১১টার দিকে ফরিদপুরের কোতয়ালী উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে।

এদিকে, রোববার (২৬ জুলাই) সকালে আইনগত প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া ওই নারীর নাম মোসা. লাইজু (৩৯)। তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানার আশ্রাফাবাদ ঝাউচর এলাকার বাসিন্দা এবং ফোরকান মিয়ার স্ত্রী।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে পাটুরিয়া ফেরিঘাট থেকে দৌলত‌দিয়া ঘা‌টের উ‌দ্দে‌শ্যে ছে‌ড়ে আসে ‘কুমিল্লা’ নামের একটি কে-টাইপ (মাঝারি) ফেরি। ফেরিটি পদ্মা নদীর মাঝামাঝি পৌঁছালে ডেক থেকে বোরকা পরিহিত এক নারী হঠাৎ নদীতে লাফ দেন। বিষয়টি দেখতে পেয়ে ফেরির মাস্টার তাৎক্ষণিকভাবে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে দায়িত্বরত বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষকে অবহিত করেন। একই সঙ্গে দুই ঘাটের নৌপুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। তবে গভীর রাত পর্যন্ত তারা ওই নারীর কোনো সন্ধান পাননি।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ত্রিনাথ সাহা জানান, শনিবার রাত সাড়ে ৭টার দিকে বিআইডব্লিউটিসি থেকে খবর পাওয়ার পর তিনি ফেরির মাস্টার ও এক ঝালমুড়ি বিক্রেতার সহায়তায় ওই নারীর ভ্যানিটি ব্যাগ উদ্ধার করেন। ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে খবর আসে যে, দৌলতদিয়া ফেরিঘাট থেকে প্রায় ৩০ কিলোমিটার ভাটিতে ফরিদপুরের কবিরপুর চর এলাকায় স্থানীয়রা তাকে জীবিত উদ্ধার করেছেন।

ফ‌রিদপুর নর্থ চ্যানেল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য সরোয়ার হোসেন জানান, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন জেলে পদ্মা নদীতে মাছ ধরার সময় কচুরিপানা আঁকড়ে ভাসতে থাকা এক নারীকে দেখতে পান। পরে তারা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান এবং বিষয়টি ফ‌রিদপুর কোতয়ালী নৌ পুলিশকে জানান।

কোতয়ালী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক তপন নন্দী জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।


রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad