আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স: জনবল সংকটের কারণে স্বাস্থ্যসেবা অচল
হাওরবেষ্টিত আজমিরীগঞ্জ উপজেলার ৩১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। নতুন ভবন নির্মিত হলেও পূর্ণাঙ্গ কার্যক্রম চালু না হওয়ায় এবং তীব্র জনবল সংকটের কারণে স্বাস্থ্যসেবা প্রায় অচল হয়ে পড়েছে।
১৯টি অনুমোদিত চিকিৎসকের পদের বিপরীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ বর্তমানে কর্মরত আছেন মাত্র ৮ জন। এছাড়া ২৫ জন সিনিয়র স্টাফ নার্সের পদের বিপরীতে আছেন ৯ জন এবং ১৬টি পদই শূন্য রয়েছে। হাসপাতালে এক্স-রে মেশিন থাকলেও টেকনিশিয়ানের অভাবে তা ব্যবহার করা যাচ্ছে না। গাইনি চিকিৎসক থাকলেও অ্যানেসথেসিওলজিস্টের অভাবে প্রায় ৯ বছর ধরে সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। নবজাতক শিশুদের চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম, ফার্মাসিস্ট এবং আল্ট্রাসনোগ্রাফি সেবারও মারাত্মক ঘাটতি রয়েছে। এমনকি রাতের নিরাপত্তার জন্য নেই কোনো নৈশপ্রহরী।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের কয়েকটি শয্যার চাদর অপরিষ্কার ও ছেঁড়া। রোগী ও স্বজনদের অভিযোগ, শিশু রোগীরা বিছানায় মলমূত্র ত্যাগ করার পর অনেক সময় গদি যথাযথভাবে পরিষ্কার না করেই তার ওপর পুরোনো চাদর বিছিয়ে দেওয়া হয়। ফলে একই শয্যায় একাধিক রোগীকে অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা নিতে হচ্ছে। কয়েকটি বালিশে রক্তের দাগও দেখা গেছে। দীর্ঘদিন ব্যবহারের ফলে শয্যাগুলো নোংরা ও দুর্গন্ধযুক্ত হয়ে পড়েছে, যা রোগীদের ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকি উভয়ই বাড়িয়ে দিচ্ছে।
এক্স-রে মেশিন থাকলেও টেকনিশিয়ান না থাকায় রোগীরা নিয়মিত এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি আল্ট্রাসনোগ্রাফি সেবা না থাকায় রোগীদের বাইরে থেকে অতিরিক্ত খরচ করে পরীক্ষা করাতে হচ্ছে।
দীর্ঘদিন ধরে অ্যানেসথেসিওলজিস্ট ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে সিজার বন্ধ রয়েছে। ফলে প্রসূতিদের আজমিরীগঞ্জের বাইরে নিয়ে যেতে হয়, যা দুর্গম যোগাযোগব্যবস্থায় রোগী ও স্বজনদের জন্য অতিরিক্ত আর্থিক ও শারীরিক দুর্ভোগের কারণ।
ফার্মাসিস্টের পদ শূন্য থাকায় ওষুধ ব্যবস্থাপনায় সমস্যা হচ্ছে। তবে ইসিজি সেবা ও ব্লাড ল্যাবরেটরির কার্যক্রম চালু রয়েছে।
আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন জানান, সংসদ সদস্য হাসপাতালের জনবল সংকট, অপারেশন রুমের নষ্ট যন্ত্রপাতিসহ বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত আছেন। তারা নিজ নিজ অবস্থান থেকে এসব সংকট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে হবিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন নতুন ভবন উদ্বোধন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ডিও লেটার পাঠিয়েছেন এবং সার্বিক খোঁজখবর নিচ্ছেন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: