গুরুতর আহত রাশমিকা মান্দানা
দক্ষিণী ও বলিউড জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তার নতুন একটি সিনেমার শুটিং করতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়েছেন। জানা গেছে, একটি বেশ কঠিন নাচের দৃশ্যের শুটিং করার সময় তিনি হিপ বা কোমরের হাড়ে গুরুতর আঘাত পান।
তবে এই দুর্ঘটনাটি ঠিক কোন ছবির শুটিংয়ে ঘটেছে, তা নিয়ে তার বা তার টিমের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
টানা কাজের ব্যস্ততায় থাকা এই অভিনেত্রী বর্তমানে 'রণবালী' ও 'মাইসা' নামে দুটি সিনেমার শুটিং নিয়ে দিন পার করছিলেন। এর বাইরেও বেশ কিছু বিজ্ঞাপন এবং নতুন কিছু প্রজেক্টের কাজ তার হাতে রয়েছে।
কিন্তু চোটের তীব্রতা কতটা মারাত্মক, তা জানা গেছে চিকিৎসকদের দেওয়া তথ্যে। অতিরিক্ত পরিশ্রমসাধ্য নাচ ও অ্যাকশন দৃশ্যের কারণে তার হিপের টেন্ডন পুরোপুরি ছিঁড়ে গেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণত অ্যাথলিটদের ক্ষেত্রে এই ধরনের চোট দেখা যায়। তাকে টানা ছয় সপ্তাহের সম্পূর্ণ বেডরেস্টে থাকার এবং জলদি রিহ্যাব বা পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে আপাততের জন্য তার সব শুটিং স্থগিত হতে চলেছে।
অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সাথে বিয়ের পর রাশমিকা গত মার্চে 'মাইসা' সিনেমার শুটিং নতুন করে শুরু করেছিলেন। কিছুদিন আগেই তিনি সেটের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন।
আনফর্মুলা ফিল্মসের ব্যানারে রবীন্দ্র পুলে পরিচালিত এই অ্যাকশন-থ্রিলারটিতে তাকে দেখা যাবে গন্ড উপজাতির এক মারকুটে ও সুন্দরী নারীর চরিত্রে।
সম্প্রতি পানির নিচে ভারতের প্রথম কোনো নারী অভিনেত্রীর ফাইটিং দৃশ্যের শুটিং শেষ করে বেশ চমক সৃষ্টি করেছিলেন রাশমিকা।
ছবির পরিচালক নিজেও সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তার ইনস্টাগ্রামে লেখেন, ‘ভূপৃষ্ঠই শেষ সীমা ছিল না, পানির নিচে এমন এক তাণ্ডব দেখা যাবে যা ভারতীয় সিনেমায় আগে কেউ দেখেনি।’
বর্তমানে রাশমিকার ঝুলিতে রয়েছে বেশ কিছু বিগ বাজেটের সিনেমা। 'মাইসা', 'রণবালী', 'অ্যানিমেল পার্ক', 'AA22' এবং 'পুষ্পা ৩'-এর মতো ছবিগুলোর কাজে তার ব্যস্ততা তুঙ্গে।
সম্প্রতি মুক্তি পাওয়া 'ককটেল ২' ছবিতেও তাকে দেখা গেছে। তবে আপাতত চোট সারিয়ে দ্রুত পুরো সুস্থ হয়ে ওঠাই তার প্রধান লক্ষ্য।
রত্না বাউরী
মন্তব্য করুন: