হবিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ নিয়ে বিক্ষোভ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বিক্ষোভ ও হট্টগোলের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায় , ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে কয়েকজন ব্যক্তি উপজেলা পরিষদ ও ইউএনও কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কার্যালয় এলাকায় হট্টগোলের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা হয়নি। তারা নিয়োগপ্রক্রিয়া যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
এদিকে, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, উপজেলা পরিষদে হট্টগোলের বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত বা মৌখিক কোনো অভিযোগ করেননি।
ফয়সল চৌধুরী/ নীরব চাকলাদার
মন্তব্য করুন: