হবিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও মিরাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মানিক সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে পুলিশের একটি দল তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মানিক সরকারকে চার নম্বর আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে চুনারুঘাট থানার পুলিশ তার নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মানিক সরকার চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার ১০ নম্বর মিরাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সংশ্লিষ্ট মামলায় মানিক সরকারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: