ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সিলেট ডিসি

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সিলেট ডিসি

প্রথম সিলেট প্রতিবেদন

২৬/১০/২০২৬ ১৩:৪৬:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সব নাগরিকের ধর্মীয় অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরীর আখালিয়া নয়াবাজারস্থ ব্রাহ্মণ শাসনে সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে আয়োজিত প্রবারণা পূর্ণিমার আলোচনা সভা ও ফানুস উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছেন। পারস্পরিক ভালোবাসা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। ধর্মীয় মূল্যবোধ মানুষকে সত্য, সুন্দর ও কল্যাণের পথে পরিচালিত করে। সমাজে শান্তি প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধের বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘কয়েক দিন আগে সিলেটসহ সারা দেশে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। ঐতিহ্যগতভাবেই বাংলাদেশে সব ধর্মের মানুষের সহাবস্থান রয়েছে। এটি দেশের অন্যতম ঐতিহ্য। ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের ক্ষেত্রে সিলেট এগিয়ে রয়েছে।’

ডিসি বলেন, ‘ধর্মীয় অনুষ্ঠানগুলো মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার পাশাপাশি সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি।’

সিলেট বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ দীপঙ্কর ভিক্ষু-এর সভাপতিত্বে ও চন্দ্রিকা বড়ুয়া মন্টির পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- সিলেট বৌদ্ধ সমিতির এডহক কমিটির আহ্বায়ক সুকান্তি বড়ুয়া, শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটির সদস্য সচিব সুজন বড়ুয়া।

আরও বক্তব্য রাখেন- সিলেট বৌদ্ধ সমিতির সাবেক সভাপতি চন্দ্র শেখর বড়ুয়া, আখালিয়া নয়াবাজার কমিটির সভাপতি দেলওয়ার হোসেন জয়, সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটির সদস্য পলাশ বড়ুয়া প্রমুখ।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad