নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
দীর্ঘ ১০ মাস নির্বাসনে থাকার পর নিজ দেশে ফিরেছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা ও ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো।
রোববার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের দেশে ফেরার খবর জানান মাচাদো। সেখানে তিনি লেখেন, ‘আমি এখানে, আপনাদের সঙ্গে।’
মাচাদোর প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। বিশেষ করে আগামী প্রেসিডেন্ট নির্বাচন এবং ক্ষমতার পালাবদল নিয়ে চলমান বিতর্কে মাচাদোর ভূমিকা কী হবে, তা নিয়ে তৈরি হয়েছে আগ্রহ।
তার দল জানিয়েছে, দেশে ফেরার জন্য গত তিন মাসে সাতবার চেষ্টা করেও সফল হননি তিনি। যুক্তরাষ্ট্র, পানামা ও কুরাসাও থেকে ফেরার এসব প্রচেষ্টা ভেনেজুয়েলার কর্তৃপক্ষ বাধাগ্রস্ত করেছে বলে অভিযোগ বিরোধী দলের।
২০২৫ সালের ডিসেম্বরে নোবেল শান্তি পুরস্কার গ্রহণের জন্য গোপনে ভেনেজুয়েলা ছাড়েন মাচাদো। এর আগে দেশটিতে রাজনৈতিক দমন-পীড়নের আশঙ্কায় তাকে দীর্ঘ সময় আত্মগোপনে থাকতে হয়েছিল। দেশের বাইরে থেকেও তিনি বিরোধী রাজনীতিতে সক্রিয় ছিলেন।
এদিকে, মাচাদোর দেশত্যাগের কয়েক সপ্তাহ পর ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হন। এরপর মাদুরোর সাবেক উপপ্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। ওয়াশিংটনের সমর্থন নিয়ে তার সরকার দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
মাদুরোকে আটক করার মার্কিন অভিযানের প্রতি সমর্থন জানিয়েছিলেন মাচাদো। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রদ্রিগেজের নেতৃত্বের প্রতি সন্তুষ্টি প্রকাশ করায় ভেনেজুয়েলার ভবিষ্যৎ রাজনৈতিক ব্যবস্থায় মাচাদোর অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: