হবিগঞ্জের আওয়ামী লীগের নেতা মোক্তাদির চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোক্তাদির চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাত ৮টায় চুনারুঘাট পৌর শহরের নতুন বাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশের একটি দল নতুন বাজার এলাকায় অভিযান চালায়।
এ সময় নিজ বাসা থেকে মোক্তাদির চৌধুরীকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।
চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের দাবি, গত ১৫ আগস্ট রাতে উপজেলার একটি চা-বাগানে ব্যানার টাঙিয়ে মোক্তাদির চৌধুরী জ্বালাময়ী বক্তব্য দেন। এ বিষয়ে পুলিশের কাছে তথ্য রয়েছে বলে জানিয়েছেন ওসি।
তিনি বলেন, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের প্রচার-প্রচারণা আইনত নিষিদ্ধ। মোক্তাদির চৌধুরীর ওই বক্তব্যের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয়েছিল। জননিরাপত্তা ও পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি আরও জানান, গ্রেফতার মোক্তাদির চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মামলার পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী সম্পন্ন করা হবে।
রত্না বাউরী
মন্তব্য করুন: