হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ
হবিগঞ্জের মাধবপুরে সংরক্ষিত বন থেকে কেটে আনা বাঁশ পরিবহনের সময় একটি মিনি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। রোববার দিবাগত রাত একটার দিকে উপজেলার নোয়াহাটি বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রঘুনন্দন রেঞ্জের আওতাধীন জগদীশপুর বিট কাম চেক স্টেশনের বনকর্মীরা নোয়াহাটি বাজার এলাকার সড়কে অভিযান চালান। এ সময় বাঁশবোঝাই একটি মিনি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির পর ট্রাকটি জব্দ করে বাঁশসহ জগদীশপুর ফরেস্ট বিট কাম অফিসে নেওয়া হয়। জব্দ করা ট্রাকটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ন-১৬-৮০৬৩। বন বিভাগের হিসাবে, ট্রাকে থাকা বাঁশের আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।
জগদীশপুর বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, সংরক্ষিত বনের সম্পদ রক্ষায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান চালানো হচ্ছে। বনজ সম্পদ অবৈধভাবে সংগ্রহ বা পরিবহনের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রাতে বনাঞ্চল থেকে গাছ ও বাঁশ কাটার ঘটনা তাঁরা মাঝেমধ্যে দেখতে পান। তবে এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে তাঁরা কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
বন বিভাগ জানিয়েছে, জব্দ করা মিনি ট্রাক ও বাঁশের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটকের তথ্য জানায়নি বন বিভাগ।
স্বপন রবি দাশ/ নীরব চাকলাদার
মন্তব্য করুন: