মৌলভীবাজারে প্রকাশ্যে যুবকের উপর কিশোর গ্যাংয়ের হামলা

ছিনতাই ও অপহরণচেষ্টা

মৌলভীবাজারে প্রকাশ্যে যুবকের উপর কিশোর গ্যাংয়ের হামলা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৫/১০/২০২৬ ১৫:৩০:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের ব্যস্ততম এলাকা কুসুমবাগ শপিং সিটির সামনে প্রকাশ্যে এক যুবককে ঘিরে ধরে মারধর, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই এবং জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণচেষ্টার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক টিপু সুলতান (২৩) বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মৌলভীবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খিদুর এলাকার বাসিন্দা তবারক আলীর ছেলে টিপু সুলতান পারিবারিক প্রয়োজনে বাজার করতে কুসুমবাগ শপিং সিটির সামনে যান। এ সময় পূর্বপরিচিত ও স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচিত হাসাইন মিয়া (২০), শাহীন মিয়া (২২), শোভন মিয়া (১৯), সোহাগ মিয়া (২০), জুবেল মিয়া (২০), রাহিদ মিয়া (২১)-সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন সন্ত্রাসী অতর্কিতভাবে তাকে ঘিরে ধরে এবং গালিগালাজ করতে থাকে।

টিপু সুলতান এ ঘটনার প্রতিবাদ করলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে একটি মাইক্রোবাসে তোলার চেষ্টা চালায়। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে লাঠি, লোহার রড ও জিআই পাইপ দিয়ে মাথায়, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে।

একপর্যায়ে আহত টিপু সুলতান মাটিতে লুটিয়ে পড়লে তাকে এলোপাতাড়ি মারধর করে পকেটে থাকা নগদ ১২,০০০ টাকা, গলায় থাকা ৪ ভরি ওজনের একটি রুপার চেইন (আনুমানিক মূল্য ২০,০০০ টাকা) এবং হাতে থাকা ৫ ভরি ওজনের রুপার ব্রেসলেট (আনুমানিক মূল্য ২৫,০০০ টাকা) ছিনিয়ে নেয় হামলাকারীরা।

পরবর্তীতে ভুক্তভোগীর আত্মচিৎকারে শুভ আহমেদ, শিপন মিয়া, সোয়েব মিয়াসহ স্থানীয় ব্যবসায়ীরা ছুটে এলে হামলাকারীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে কেটে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় আহত টিপু সুলতানকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

শহরের প্রাণকেন্দ্রে এবং ব্যস্ততম শপিং সিটির সামনে এমন সন্ত্রাসী হামলা ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad