কমলগঞ্জে ধলাই নদীতে চলছে ঐতিহ্যবাহী ‘পলো বাওয়া’ উৎসব

কমলগঞ্জে ধলাই নদীতে চলছে ঐতিহ্যবাহী ‘পলো বাওয়া’ উৎসব

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

২৫/১০/২০২৬ ১৩:৩৫:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীকে কেন্দ্র করে শত বছরেরও বেশি সময় ধরে পালিত হয়ে আসছে গ্রামবাংলায় ঐতিহ্যবাহী ‘পলো বাওয়া’ উৎসব। সেই ধারাবাহিকতায় এবারও মাছ ধরার এই উৎসব পালিত হচ্ছে।

রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার মিরতিংগা চা বাগানসংলগ্ন ধলাই নদীর স্টিল ব্রিজের উজান থেকে এ উৎসব শুরু হয়। দুপুর থেকে শুরু হওয়া এ উৎসব তিন থেকে চার ঘণ্টা চলবে।

উৎসবে উপজেলার রহিমপুর ও মুন্সীবাজার ইউনিয়নের কালাছড়া, দেবিপুর, ধর্মপুর, জসমতপুর, বড়চেগ, চৈত্রঘাট, সিদ্ধেশ্বরপুর ও রামচন্দ্রপুর গ্রামসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের প্রায় দুই শতাধিক শৌখিন মাছ শিকারি অংশ নেন।

দলবদ্ধভাবে মাছ ধরার এ আনন্দ উপভোগ করতে নদীর দুই তীরে ভিড় জমান শত শত উৎসুক মানুষ। অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে নদীর তীর থেকে হাততালি ও আনন্দধ্বনিতে মুখর করে রাখেন দর্শনার্থীরা।

উৎসবে মাছ ধরার অভিনব কৌশল ছিল দেখার মতো। নদীর এক প্রান্তে ৩০ থেকে ৪০ জনের একটি দল সারিবদ্ধভাবে জাল নিয়ে দাঁড়িয়ে থাকেন। অন্যদিকে, অপর প্রান্ত থেকে ৪০ থেকে ৫০ জনের আরেকটি দল সারিবদ্ধভাবে পলো চাপিয়ে সামনের দিকে এগিয়ে আসেন। পলোর পাশাপাশি উড়াল জাল ও প্লেইন জাল ব্যবহার করেও ছোট-বড় নানা প্রজাতির মাছ শিকার করা হয়।

এ আনন্দ উৎসবে অংশ নিয়ে প্রবীণ মাছ শিকারি নুর মিয়া বলেন, বছরের এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। সবাই মিলে একসঙ্গে মাছ ধরার আনন্দটাই আলাদা।

তবে সম্প্রতি নদীতে বিষ প্রয়োগে মাছ মরে যাওয়া এবং নদী-নালা, খাল-বিল ও হাওরের তলদেশ ভরাট হয়ে পানি কমে যাওয়ায় ঐতিহ্যবাহী এ পলো বাওয়া উৎসবের জৌলুশ এখন অনেকটাই কমে গেছে বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

শৌখিন মাছ শিকারি আমির উদ্দিন ও তোতা মিয়া বলেন, দলবদ্ধভাবে মাছ শিকারের মাধ্যমে আমাদের হারানো গ্রামীণ সংস্কৃতি ও সম্প্রীতি আজও বেঁচে আছে। নতুন প্রজন্মের কাছে এ ঐতিহ্য তুলে ধরতে এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad