সিনেমায় অভিনয় নিয়ে যা বললেন নীহা
বর্তমান প্রজন্মের আলোচিত অভিনেত্রী নাজনীন নীহা। অল্প সময়ে নিজেকে ব্যস্ত করে তুলেছেন তিনি। বছরজুড়েই দেখা মেলে তার অভিনীত নাটকের। টেলিভিশনের পাশাপাশি ওটিটিতেও রয়েছে তার বিচরণ।
সমসাময়িক অনেকেই সিনেমার জন্য দৌড়ঝাঁপ করলেও নিজেকে এখনো বড়পর্দার বাণিজ্যিক সিনেমার জন্য সম্পূর্ণ ফিট মনে করেন না এই অভিনেত্রী।
নীহা জানিয়েছেন, এখনই সিনেমার জন্য প্রস্তুত নন তিনি। এ প্রসঙ্গে নাজনীন নিহা বলেন, ‘আমি এখনো আসলে বাণিজ্যিক ঘরানার সিনেমা বলতে যা বোঝায় তাতে কাজ করার জন্য প্রস্তুত নই। অবশ্যই সিনেমায় অভিনয় করব। তবে এখন নয়। আমার মনে হয় এখনো নিজেকে প্রস্তুত করা অনেক বাকি। নাটকে অভিনয় করতেই আমি এখনো স্বাচ্ছন্দ্যবোধ করি। সিনেমা আসলে অনেক বড় বিষয়। যে কারণে অভিনয়ের জন্য আমি নিজেকে পুরোপুরি প্রস্তুত করেই তারপর সেখানে কাজে নামতে চাই। সেজন্য আমি একটু সময় নিচ্ছি।’
প্রেক্ষাগৃহের জন্য কাজ না করলেও এরইমধ্যে ওটিটির জন্য নির্মিত একটি সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। নাম ‘ইনস্টাগ্রাম’। পরিচালনা করছেন মোস্তফা কামাল রাজ। এটি ইউটিউবে মুক্তি পাবে।
এদিকে সম্প্রতি অপুর্বর সঙ্গে জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করেছেন নীহা। নাম ‘ভালো আছ তো’। নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। এটিও এরইমধ্যে প্রকাশ হয়েছে।
পূজা বাড়াইক/প্রসি-২৬
মন্তব্য করুন: