বাংলাদেশ সফরে আসছেন জার্মান ভাইস মিনিস্টার বারবেল কফলার
বাংলাদেশ ও জার্মানির ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতাকে নতুন রূপ দেওয়া এবং দুই দেশের সরকারের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা জোরদার করতে তিন দিনের সরকারি সফরে আজ রোববার (২৫ অক্টোবর) ঢাকায় আসছেন জার্মানির ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার।
গতকাল শনিবার সন্ধ্যায় জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কফলার জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে চূড়ান্তভাবে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এ প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদি সহনশীলতা, অর্থনৈতিক অভিযোজন সক্ষমতা ও টেকসই প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে।বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী জার্মানি এই দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে দুই দেশের যৌথ অংশীদারিত্ব আরও সুদৃঢ় করতে চায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পাশাপাশি বাংলাদেশ পরিবর্তনশীল উন্নয়ন চাহিদার মুখোমুখি হচ্ছে। ফলে এবারের আলোচনা প্রচলিত সহায়তা কাঠামোর বাইরে গিয়ে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলোতে গুরুত্ব দেবে।
সফরকালে ড. কফলার রাজনৈতিক সংলাপে অংশ নেবেন। পাশাপাশি চট্টগ্রামে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।
ঢাকায় অবস্থানকালে তিনি জার্মান দূতাবাসে আয়োজিত ‘জার্মান পুনরেকত্রীকরণ দিবস’-এর অনুষ্ঠানে যোগ দেবেন।অনুষ্ঠানে বাংলাদেশ ও জার্মানির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, কূটনৈতিক কোরের সদস্য এবং সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।
কয়েক দশকের স্নায়ুযুদ্ধকালীন বিভাজনের অবসানের পর ১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানির ঐতিহাসিক পুনরেকত্রীকরণকে স্মরণ করে দিবসটি উদযাপন করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের টেকসই উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার বিষয়ে জার্মানির অঙ্গীকারের প্রতিফলন ঘটবে।
পূজা বাড়াইক/প্রসি-২৬
মন্তব্য করুন: