স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ
বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার এবং সাংস্কৃতিক কূটনীতিকে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর স্পেন ও যুক্তরাজ্যে এক সরকারি সফর করবেন।
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে তিনি বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ের মতো খাতে সহযোগিতার সম্ভাবনা উন্মোচনে বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হবেন।
রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সফরের শুরুতে প্রতিমন্ত্রী স্পেনের সেভিল শহরে যাবেন, সেখানে তিনি ২৬ অক্টোবর ‘৩য় স্পেন-বাংলাদেশ এক্সপো’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ‘দৃঢ় অংশীদারিত্ব, যৌথ সমৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে এ মেলার আয়োজন করেছে ‘স্পেন-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’।
স্পেনীয় প্রস্তুতকারক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশি রপ্তানিকারকদের সংযোগ করিয়ে দেয়াই এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্পেন সফর শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ২৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত যুক্তরাজ্য সফর করবেন। যুক্তরাজ্যে তার কর্মসূচিগুলোতে মূল নজর থাকবে বাংলাদেশি শিল্প ও সংস্কৃতি তুলে ধরা, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারিত্বের পরিধি বাড়ানো এবং বাংলাদেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে নতুন সুযোগ খুঁজে বের করার ওপর।
এ সফর ইউরোপীয় অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারকে প্রতিফলিত করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পূজা বাড়াইক/প্রসি-২৬
মন্তব্য করুন: