মৌলভীবাজারে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার আসামী ঢাকা থেকে গ্রেপ্তার
মৌলভীবাজারে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে মো. ইমাদ (১৫) নামে এক কিশোরকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে র্যাবের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার ইমাদ শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে। মৌলভীবাজার সদর উপজেলার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক ছিল। এ কারণে ইমাদ তাদের বাড়িতে আসা-যাওয়া করত। একপর্যায়ে ইমাদ ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিলে সে তা প্রত্যাখ্যান করে।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ আগস্ট কিশোরীর মা তাকে স্কুলে পাঠিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য মৌলভীবাজার শহরে যান। পরে বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে স্কুলে গিয়ে খোঁজ করেন। সেখানে তাকে না পেয়ে আশপাশের এলাকা, আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরবর্তীতে গত ১৮ আগস্ট নিখোঁজ কিশোরীর মা স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, নিখোঁজের দিন ১১ আগস্ট দুপুর ১টার দিকে ইমাদ তার সহযোগীদের নিয়ে সদর উপজেলার কালিয়ারগাঁও এলাকার নতুন বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ওই কিশোরীকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে শ্রীমঙ্গলের জাহাঙ্গীর মিয়ার বাড়িতে নিয়ে যায়। সেখানে ইমাদ তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় কিশোরীর মা মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা করেন। মামলার আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার ও র্যাব-৩, সিপিসি-২-এর একটি যৌথ দল গত সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে রাজধানীর হাতিরঝিল থানার মধুবাগ মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় মৌলভীবাজার সদর থানায় দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. ইমাদকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, ওই স্কুলছাত্রীকে অপহরণপূর্বক ধর্ষণের অভিযোগে ইমাদকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদবিশ্লেষণ
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: