সাজেকে "জয় বাংলা "স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জন আটক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তিনজনসহ ছয় পর্যটককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাজেক যাওয়ার পথে বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিদের মধ্যে মাধবপুর উপজেলার কমলানগর এলাকার সুশান্ত পাল, হারুন ইসলাম তুষার (২৩) ও রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩) রয়েছেন। অপর তিনজন ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালীর বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছয়জন একটি চাঁদের গাড়িতে করে সাজেকের উদ্দেশে যাচ্ছিলেন। বাঘাইহাট বাজার এলাকা অতিক্রম করার সময় গাড়িতে থাকা কয়েকজন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’—এ ধরনের স্লোগান দেন বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানালে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, পরে পর্যটকদের বহনকারী গাড়িটি সাজেক থানার সামনে পৌঁছালে ছয়জনকে থানায় নেওয়া হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
স্বপন রবি দাশ/ ডিডি/ প্রসি -২০২৬
মন্তব্য করুন: