সিলেটে কমছে না উদ্বেগ, মৃতের সংখ্যা বেড়ে ২০৪

সিলেটে কমছে না উদ্বেগ, মৃতের সংখ্যা বেড়ে ২০৪

প্রথম সিলেট প্রতিবেদন

২৮/১০/২০২৬ ১২:৪৯:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট বিভাগে আশঙ্কাজনকহারে বেড়েই চলেছে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও সন্দেহজনক হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য দপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ জনে। এর মধ্যে সর্বোচ্চ ৪৪২ জন রোগী সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন ১০৫ জনসহ বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে মোট ৪৩৭ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যেই মঙ্গলবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবির হাসান (৯ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়। মৃত শিশুটির বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার আশরাফুল ইসলামের পরিবারে।

এই শিশুটির মৃত্যুর মধ্য দিয়ে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে সর্বমোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৪ জনে। এর মধ্যে শুধু সিলেট জেলায় ৮৩ জন, সুনামগঞ্জে ৭৩ জন, হবিগঞ্জে ৩২ জন এবং মৌলভীবাজারে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর নিশ্চিত করেছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad