জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ’

জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ’

প্রথম ডেস্ক

৩১/১০/২০২৬ ১৫:৩৮:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান জামায়াতের সঙ্গে জোট থেকে বেরিয়ে স্বতন্ত্র রাজনীতির পথে হাঁটার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সাধুবাদ জানিয়েছেন। তাঁর মতে, জামায়াতের জোটে থেকে এনসিপির পক্ষে প্রধান বিরোধী দল হয়ে ওঠার স্বপ্ন পূরণ সম্ভব নয়।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান। তিনি জানান, এনসিপির কয়েকজন নেতা তাঁকে জানিয়েছেন, আনুষ্ঠানিক ঘোষণা না এলেও শিগগিরই জামায়াতের জোট থেকে বেরিয়ে আসতে পারে দলটি। সাম্প্রতিক গণবিক্ষোভ কর্মসূচি ও আসিফ মাহমুদের বক্তব্যেও সেই ইঙ্গিত স্পষ্ট হয়েছে বলে মনে করেন তিনি।

রাশেদ খান বলেন, এনসিপির সাম্প্রতিক গণবিক্ষোভে কয়েক হাজার মানুষের উপস্থিতি ছিল ইতিবাচক দিক। জামায়াতের সঙ্গে জোট গঠনের পর দলটির কর্মসূচিতে উল্লেখযোগ্য জনসমাগম দেখা যাচ্ছিল না। দীর্ঘ বিরতির পর এই উপস্থিতি এনসিপির স্বতন্ত্র রাজনীতির জন্য আশাব্যঞ্জক।

তাঁর মতে, এভাবে স্বতন্ত্র রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারলে আগামী এক বছরের মধ্যে এনসিপি বড় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। এমনকি আওয়ামী লীগের অনুপস্থিতিতে তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতাও পূরণ করতে সক্ষম হতে পারে দলটি।

রাশেদ খানের ভাষ্য, এনসিপি দীর্ঘদিন ধরেই আগামী জাতীয় নির্বাচনে প্রধান বিরোধী দল হওয়ার আকাঙ্ক্ষার কথা বলে আসছে। কিন্তু অন্য একটি দলের জোটের ওপর নির্ভরশীল থেকে সেই অবস্থানে পৌঁছানো সম্ভব নয়। এ উপলব্ধি থেকেই দলটির নেতাদের মধ্যে স্বতন্ত্র রাজনীতির আগ্রহ তৈরি হয়েছে।

তবে এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান তৈরির পথে দলটির আটজন সংসদ সদস্য বড় বাধা হয়ে উঠতে পারেন বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, জামায়াতের সমর্থনে আগামী নির্বাচনেও সংসদ সদস্য হওয়ার প্রত্যাশায় তাঁরা জোটের রাজনীতি ধরে রাখতে আগ্রহী। অন্যদিকে, দলটির অধিকাংশ নেতা স্বতন্ত্র রাজনীতির পক্ষে রয়েছেন।

পোস্টের শেষাংশে রাশেদ খান প্রশ্ন তোলেন, এনসিপির জোট ছাড়ার প্রাথমিক সিদ্ধান্ত শেষ পর্যন্ত চূড়ান্ত হবে, নাকি দলটি জামায়াতের ওপর নির্ভরশীল অবস্থানেই থেকে যাবে। একই সঙ্গে স্বতন্ত্র রাজনৈতিক পথচলার জন্য এনসিপিকে শুভেচ্ছা জানান তিনি।


পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad