হবিগঞ্জে বিএডিসির গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি, ঝুঁকিতে কয়েকশত বিঘা জমির সেচ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
গত শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক বদু মিয়ার আওতাধীন গভীর নলকূপটির সংযোগস্থল থেকে ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। শনিবার সকালে কৃষকেরা জমিতে সেচ দিতে গিয়ে ট্রান্সফরমারটি চুরি হওয়ার বিষয়টি জানতে পারেন।
স্থানীয় কৃষকদের আশঙ্কা, দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপন করা না হলে গভীর নলকূপটি চালু রাখা সম্ভব হবে না। এতে আসন্ন বোরো মৌসুমসহ অন্যান্য ফসলের সেচ কার্যক্রম ব্যাহত হতে পারে।
কৃষকদের দাবি, নলকূপটি সচল না থাকলে এলাকার কয়েক শ বিঘা জমিতে সেচ দেওয়া অনিশ্চিত হয়ে পড়বে। এতে কৃষি উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে চুরি যাওয়া ট্রান্সফরমার উদ্ধার এবং দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।
স্বপন রবি দাশ/ পূজা বাড়াইক/প্রসি-26
মন্তব্য করুন: