সিলেট বোর্ডে পাসের হার ৫০.৯০ শতাংশ, কমেছে জিপিএ-৫
এইচএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার কমেছে শূন্য দশমিক ৯৬ শতাংশ পয়েন্ট। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। বোর্ডের ২০ বছরের ইতিহাসে এবারই পাসের হার সর্বনিম্ন।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন।
বোর্ড সূত্রে জানা গেছে, গত বছর সিলেটে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫১ দশমিক ৮৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬০২ জন শিক্ষার্থী। এবার পাসের হার কমে দাঁড়িয়েছে ৫০ দশমিক ৯০ শতাংশে। গত বছর পাসের হার ছিল ৫১ দশমিক ৮৬ শতাংশ। এবার তা আরও কমেছে।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৬৮ দশমিক ৫৪ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৪৬ দশমিক ২৯ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৭ দশমিক ৮১ শতাংশ।
এবার সিলেট বোর্ডের অধীন তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছয়টি।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছেন। ছাত্রীদের পাসের হার ৫২ দশমিক ৩৮ শতাংশ, আর ছাত্রদের ৪৮ দশমিক ৭২ শতাংশ। তবে জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় ছাত্ররা এগিয়ে। এবার ৬১৩ জন ছাত্র এবং ৫৯১ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: