মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় শোভাযাত্রা ১ ডিসেম্বর
মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ওই দিন সকাল পৌনে ৯টায় অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সেখান থেকে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে বিজয় শোভাযাত্রা শুরু হবে।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী অংশ নেবেন।
শোভাযাত্রাটি অপরাজেয় বাংলা থেকে শুরু হয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) হয়ে স্মৃতি চিরন্তনে গিয়ে শেষ হবে। এরপর সেখানে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসভিত্তিক দেশাত্মবোধক গান পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটবে।
বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে এই বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণের অনুরোধ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: