জগন্নাথপুরে ৩০ বছর পর ধানের শীষের প্রার্থী, বিএনপিতে উচ্ছ্বাস
প্রায় তিন দশক পর সুনামগঞ্জ–৩ (শান্তিগঞ্জ–জগন্নাথপুর) আসনে নিজস্ব প্রার্থী পেয়েছে বিএনপি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা কয়ছর এম আহমদ। এতে এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে, জমে উঠেছে উঠান বৈঠক ও প্রচারণা।
জানা যায়, এ আসনে পাঁচজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। মাঠ জরিপ, সাংগঠনিক ত্যাগ–অবদান, গোয়েন্দা তথ্য এবং প্রার্থীর পরিচ্ছন্ন ভাবমূর্তি বিবেচনায় কয়ছর এম আহমদকে মনোনয়ন দেয় বিএনপির উচ্চপর্যায়ের নেতৃত্ব। ১৯৯৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনের পর ধানের শীষের সরাসরি দলীয় প্রার্থী হিসেবে এ আসনে আর কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।
দলীয় সূত্র জানায়, যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির পক্ষে কার্যক্রম, মানবাধিকার কূটনীতি ও সাংগঠনিক তৎপরতায় সক্রিয় ছিলেন কয়ছর এম আহমদ। দলের কঠিন সময়ে যুক্তরাজ্য বিএনপির নেতাদের অবদান বিবেচনাতেই এ মনোনয়ন এসেছে বলে জানাচ্ছেন নেতারা।
প্রার্থী ঘোষণার পর থেকে জগন্নাথপুর–শান্তিগঞ্জ এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেছে। প্রতিদিন গ্রামের বিভিন্ন স্থানে উঠান বৈঠকে ভিড় বাড়ছে। স্থানীয়রা মনে করছেন, দীর্ঘ প্রতীক্ষার পর নিজস্ব প্রার্থী পাওয়ায় তৃণমূল সংগঠন সক্রিয় হয়ে উঠেছে।
উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কয়ছর এম আহমদ বলেন, “৩০ বছর পর আমাদের আসনে ধানের শীষের নিজস্ব প্রার্থী দেওয়া হয়েছে। অতীতে জোট রাজনীতির কারণে আমরা নিজেদের প্রার্থীকে ভোট দিতে পারিনি। এবার দায়িত্ব আরও বেড়ে গেল।”
তিনি আরও বলেন, “শান্তিগঞ্জ–জগন্নাথপুর দীর্ঘদিন অবহেলিত ছিল। বিএনপি সরকার গঠন করলে পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়ন অগ্রাধিকার পাবে।”
এ রহমান
মন্তব্য করুন: