জুড়ীতে উপজেলা মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারের জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামানের নানা অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে ও অপসারণের দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় মৎস্যজীবী ও সচেতন নাগরিকবৃন্দ। রোববার (১০ মে) দুপুরে উপজেলা চত্বরে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা উক্ত কর্মকর্তার বিরুদ্ধে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ ধ্বংস ও লুটপাটের গুরুতর অভিযোগ তোলেন।
মানববন্ধনে বেলাগাঁও গ্রামের বিশিষ্ট সমাজসেবক রেজান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আফতাব আলী, মোস্তাকিম হোসেন, হাবিবুর রহমানসহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করেন, মো. মনিরুজ্জামান দীর্ঘদিন জুড়ীতে কর্মরত থাকার সুবাদে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। তাঁর ছত্রছায়ায় হাকালুকি হাওরের চাতলা, তুরল ও নাগুয়াবিলসহ বিভিন্ন সরকারি জলমহালে নীতিমালা লঙ্ঘন করে ১০-১৫টি সেচ মেশিন দিয়ে পানি শুকিয়ে মাছ আহরণ করা হচ্ছে। এতে করে হাওরের প্রাকৃতিক মৎস্য সম্পদ চরম হুমকির মুখে পড়েছে। বারবার অভিযোগ করা সত্ত্বেও প্রশাসন তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে।
বক্তারা আরও জানান, অবৈধ মৎস্য শিকার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে ওই কর্মকর্তা ব্যক্তিগত সুবিধার বিনিময়ে অপরাধীদের পরোক্ষভাবে প্রশ্রয় দিয়ে আসছেন। জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়েরের পর অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে অবিলম্বে তাঁকে অপসারণ এবং তাঁর যাবতীয় দুর্নীতির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার দাবি জানানো হয়। তবে এসব অভিযোগ প্রসঙ্গে মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান নিজেকে নির্দোষ দাবি করে সকল অভিযোগ অস্বীকার করেছেন।
এ রহমান
মন্তব্য করুন: