দিরাইয়ে তালাবদ্ধ বাসায় চুরি: ৭ ভরি স্বর্ণসহ টাকা লুট
সুনামগঞ্জের দিরাই পৌর শহরের চন্ডিপুর এলাকায় তালাবদ্ধ একটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) গভীর রাতে এলাকাটি ফাঁকা পেয়ে চোরের দল ঘরের স্ল্যাব ভেঙে ভিতরে প্রবেশ করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনা জানা মাত্র দিরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুমন মিয়া জানান, ঘর থেকে ৭ ভরি স্বর্ণালংকার ও সাড়ে ৩ লাখ টাকা চুরি হয়েছে।তিনি বলেন, তার ছোট ভাই মোহন মিয়া গত শনিবার স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিলেটে গেলে ঘরটি তালাবদ্ধ অবস্থায় ছিল। সেই সুযোগে রাতের অন্ধকারে চোরেরা রান্নাঘরের উপরের স্ল্যাব ভেঙে ভিতরে ঢুকে সবকিছু তছনছ করে।
ঘরের মালিক ও ব্যবসায়ী মোহন মিয়া সিলেট থেকে ফোনে বলেন—“আমরা চিকিৎসার জন্য বাইরে ছিলাম। ঘর খালি জেনে রান্নাঘরের স্ল্যাব ভেঙে সব নিয়ে গেছে চোরেরা। ক্ষতির পরিমাণ প্রায় ১৭ লাখ টাকার মতো হবে।” ঘটনার পর আশপাশের এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চন্ডিপুর, দোওজ, হারানপুর, আনোয়ারপুর, দাউদপুর কলেজ রোডসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান—ইদানিং মোটরচালিত যান, নারকেল-ডাব, হাঁস-মুরগি, এমনকি গরু-ছাগল চুরির ঘটনাও বেড়েছে। ছোটখাটো অপরাধে দ্রুত ব্যবস্থা না নেওয়ায় বড় অপরাধ বাড়ছে বলেও মন্তব্য করেন স্থানীয়রা।
তাদের অভিযোগ—“সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়ছে। পরিবারগুলো ধ্বংস হচ্ছে। অপরাধ দমনে প্রশাসনের জরুরি পদক্ষেপ প্রয়োজন।”
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন—“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ডি আর ডি
মন্তব্য করুন: