দোয়ারাবাজারের বিএনপি নেতা আরিফুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক ও দোয়ারাবজার উপজেলার বোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। ফলে তিনি আবারও দলের প্রাথমিক সদস্য পদে ফিরে পেলেন। গত ১৭ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা চিঠিতে তাঁর বিরুদ্ধে আরোপিত শাস্তিমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পূর্বে তাঁকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাঁর ব্যাখ্যা ও আবেদন পর্যালোচনার পর বিষয়টি পুনর্বিবেচনা করে দলের নীতিমালা অনুসারে বহিষ্কারাদেশ তুলে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই সিদ্ধান্তের অনুলিপি সুনামগঞ্জ জেলা বিএনপি, সিলেট ও সুনামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট পর্যায়ে পাঠানো হয়েছে। পুনর্বহালের খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ ফিরে এসেছে।
এ রহমান
মন্তব্য করুন: