সুনামগঞ্জ-৪ আসন : কোন প্রার্থী পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
সুনামগঞ্জ–৪ (সদর–বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির প্রার্থী ঘোষণার অপেক্ষায় রাজনৈতিক কর্মীরা। শনিবার এ আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মোটরসাইকেল শোডাউন দিয়ে প্রচারণা শুরু করায় প্রার্থী নিয়ে বিএনপির ভেতরের আলোচনা আরও জোরালো হয়েছে। বিএনপির একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে এ আসনে “কাজ করার নির্দেশ” দেওয়া হয়েছে। তবে দলীয় হাইকমান্ড ঘোষণার আগে প্রকাশ্যে মন্তব্য না করার অনুরোধও করেন তিনি। অন্যদিকে মনোনয়নপ্রত্যাশী দেওয়ান জয়নুল জাকেরীন জানিয়েছেন, আজ সোমবার তাঁর সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোডাউন করবেন।
সুনামগঞ্জ-৪ আসনে ৪ মনোনয়নপ্রত্যাশী
এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী চারজন—দেওয়ান জয়নুল জাকেরীন,অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল,আবুল মুনসুর শওকত,ব্যারিস্টার আবিদুর রহমান। দলের ভেতরে আলোচনা—নুরুল ইসলাম নুরুলকে “সবুজ সংকেত” দেওয়া হয়েছে। তিন দিন ধরে তিনি প্রচারণা জোরদার করেছেন। রবিবার সদর উপজেলার বালাকান্দা বাজারে তাঁর সমর্থকদের আয়োজনে নারী সমাবেশও অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেট নুরুল বলেন, “দলের দায়িত্বশীল নেতাদের নির্দেশে প্রচারণা শুরু করেছি।” তিনি ধানের শীষের পক্ষে নেতাকর্মীদের ঐক্য চান।
দেওয়ান জয়নুল বলেন, “এখনো প্রার্থী ঘোষণা হয়নি। দু–এক দিনের মধ্যেই হতে পারে।” সোমবার মোটরসাইকেল শোডাউন করার পরিকল্পনার কথাও জানান তিনি।
মনোনয়নপ্রত্যাশী আবুল মুনসুর শওকত জানান, তিনি নিজের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। শনিবার বেরাজালি উচ্চবিদ্যালয়ে উঠোন বৈঠক করেছেন, রোববারও ছিলেন প্রচারণায়। ব্যারিস্টার আবিদুর রহমান বলেন, স্থায়ী কমিটির সভার পর প্রার্থী ঘোষণা হতে পারে।
তাহির আহমদ
মন্তব্য করুন: