কৃষিজমি নষ্ট ও পরিবেশ আইন লঙ্ঘন
নবীগঞ্জে এক ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কৃষিজমি নষ্ট করা ও পরিবেশ বিধি লঙ্ঘনের অভিযোগে শিরিন ব্রিকস নামের একটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, আউশকান্দি ইউনিয়নের জালালপুর এলাকায় অবস্থিত শিরিন ব্রিকসে অভিযান চালানো হলে একাধিক অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে রয়েছে—কৃষিজমি থেকে মাটি কেটে কাঁচামাল হিসেবে ব্যবহার, ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার, কৃষিজমির ভেতরে ইটভাটা স্থাপন এবং ইট পোড়ানোর লাইসেন্স নবায়ন না করা।
অভিযোগগুলোর সত্যতা নিশ্চিত হওয়ার পর ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ইটভাটার মালিক সানুর মিয়াকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের প্রসিকিউটর ইন্সপেক্টর হরিপদ দাস সহযোগিতা করেন। নবীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ রহমান
মন্তব্য করুন: