বড়লেখায় বন্যায় নষ্ট হওয়া ২৩৪ বস্তা ভিজিএফ চাল মাটিচাপা
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা কার্যালয়ে আকস্মিক বন্যার পানিতে ভিজে নষ্ট হয়ে যাওয়া ভিজিএফের ২৩৪ বস্তা চাল অবশেষে মাটিচাপা দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। রোববার (২৯ জুন) বিকেলে পৌরসভার গরুর হাটের পরিত্যক্ত স্থানে প্রায় ৭ মেট্রিক টন পচা চাল গর্ত খুঁড়ে মাটিচাপা দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহাকে সামনে রেখে হতদরিদ্রদের সহায়তায় জেলা প্রশাসন বড়লেখা পৌরসভার অনুকূলে প্রায় ৩১ মেট্রিক টন (১০২৭ বস্তা) চাল বরাদ্দ দিয়েছিল। ২৯ মে খাদ্য গুদাম থেকে উত্তোলন করে পৌরসভা কার্যালয়ে সংরক্ষণ করা হলেও ৩১ মে হঠাৎ পাহাড়ি ঢল আর টানা বৃষ্টির কারণে ৩-৪ ফুট পানি ঢুকে পড়ে পুরো কার্যালয়ে। ফলে সংরক্ষিত চালের একটি অংশ পানিতে ভিজে পচে দুর্গন্ধ ছড়াতে থাকে, যা দীর্ঘদিন ধরে কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের ভোগান্তিতে ফেলে।
পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, ‘ভিজে নষ্ট চালগুলো দুর্গন্ধ ছড়াচ্ছিল। এজন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জামালুদ্দিনকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি কমিটি করা হয়। কমিটির সুপারিশ অনুযায়ী পরিবেশের ক্ষতি এড়াতে নষ্ট চালগুলো মাটিচাপা দেওয়া হয়েছে।’
চাল মাটিচাপা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জামালুদ্দিন, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী দেবজিৎ চন্দ্র দাস, প্রশাসনিক কর্মকর্তা ফখরুল আমিন খান, হিসাবরক্ষক আব্দুল লতিফ, কর নির্ধারক তোফায়েল আহমদ এবং স্থানীয় ব্যবসায়ী শামীম আহমদ।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: