আনিসুলের পর কামরুলকেও ‘টিকিট’ দিল বিএনপি
সুনামগঞ্জ-১ আসনে দুই প্রার্থীকে বিএনপির মনোনয়ন
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও মধ্যনগর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম তোলার চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
এর আগে বিএনপি এই আসনে দলীয় প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হকের নাম ঘোষণা করে। তবে আনিসুল হককে প্রার্থী ঘোষণার পর থেকেই প্রার্থী পরিবর্তনের দাবিতে কামরুলের কর্মী-সমর্থকেরা বিক্ষোভ ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।
সর্বশেষ রোববার বিকেলে তাহিরপুর উপজেলার উজান তাহিরপুর গ্রামে কামরুলের সমর্থকদের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে কামরুজ্জামান কামরুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজ সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার ঘোষণা দেন।
তবে সমাবেশ শেষে তাহিরপুর থেকে সুনামগঞ্জ জেলা সদরে ফেরার পথে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয় বলে জানান কামরুল। তিনি বলেন, ‘কেন্দ্র থেকে আমাকে ফোন করে জাতীয় পরিচয়পত্রের কপি চাওয়া হয়। সেটি দেওয়ার পর জানানো হয়, একজন প্রতিনিধির মাধ্যমে দলীয় মনোনয়ন ফরম তোলার চিঠি সংগ্রহ করতে।’
কামরুজ্জামান কামরুল আরও বলেন, ‘আমাকে স্পষ্ট করে বলা হয়েছে—এই আসনে আমিই বিএনপির দলীয় প্রার্থী। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়েছে।’
এদিকে দলীয় প্রার্থী পরিবর্তনের এই সিদ্ধান্তকে ঘিরে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, আনুষ্ঠানিকভাবে মনোনয়ন নিশ্চিত হলে এই আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
এ রহমান
মন্তব্য করুন: