জামালগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগ
Led Bottom Ad

সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা

জামালগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,জামালগঞ্জ

১২/০৫/২০২৬ ২১:৩৭:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তার তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে জমিহীন ও সুবিধাবাদীদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে স্থানীয় এক যুবদল নেতার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের দৃষ্টি আকর্ষণ করে নিজের ফেসবুক আইডিতে একটি খোলা চিঠি পোস্ট করেন জামালগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান হিরন। ওই পোস্টে তিনি দাবি করেন, উত্তর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে না। বিশেষ করে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্যের জমা দেওয়া তালিকা থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম কেটে দিয়ে অকৃষকদের নাম ঢোকানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সংসদ সদস্যকে ‘হাওর বন্ধু’ সম্বোধন করে হিরন এই তালিকা পুনরায় যাচাই-বাছাইয়ের জন্য বিনীত অনুরোধ জানান।

এদিকে স্থানীয় সাধারণ কৃষকরাও তালিকায় নাম রদবদলের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত সম্পর্কের খাতিরে অনেক প্রকৃত চাষিকে তালিকার বাইরে রাখা হয়েছে। এমদাদুর রহমান হিরনের এই সাহসী অবস্থানকে স্বাগত জানিয়ে কৃষকরা আশা প্রকাশ করেছেন যে, সংসদ সদস্যের হস্তক্ষেপে একটি সঠিক তালিকা তৈরি হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রকৃত কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার বদ্ধপরিকর। সচেতন মহলের মতে, সাধারণ মানুষের এই অসন্তোষ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।


রকি ইসলাম/ এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad