পুকুরে থুথু ফেলা নিয়ে বিরোধ
মৌলভীবাজারে ২ নারীকে পিটিয়ে হাসপাতালে পাঠালো প্রতিপক্ষ
মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নে পুকুরে গোসল করার সময় থুথু ফেলাকে কেন্দ্র করে দুই নারীকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ইউনিয়নের খোজারগাঁও (কানিয়া গ্রাম) এলাকায় এই অমানবিক ঘটনাটি ঘটে। আহত দুই নারী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পুকুরে গোসল করার সময় থুথু ফেলা নিয়ে প্রতিবেশী হেলিম মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের সাথে ভুক্তভোগী নারীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হেলিম মিয়ার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ওই নারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় তাঁরা জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য মো. লকু মিয়া বাদী হয়ে হেলিম মিয়া, হেলাল মিয়া, সুজন মিয়াসহ চারজনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লকু মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, "সামান্য থুথু ফেলা নিয়ে এমন অমানবিক হামলা মেনে নেওয়া যায় না। আমি আমার পরিবারের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
মৌলভীবাজার মডেল থানা পুলিশ অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: