ছাতকে ব্যবসায়ী মানিক হত্যার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইছামতী বাজারের পাথর ব্যবসায়ী মানিক মিয়া হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে অভিযুক্তদের পক্ষ থেকে মামলা দিয়ে হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে ছাতকের ইসলামপুর ইউনিয়নের ইছামতী বাজার ব্রিজ এলাকায় বনগাঁও, দারগাখালি, নিজগাঁও, বাগানবাড়ি, গাংপার, নোয়াকোট, কাজিরগাঁও, আলমপুর ও রহমতপুর এলাকার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বনগাঁও আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল হক, ইউপি সদস্য শফিক আলী, ব্যবসায়ী বিল্লাল আহমদ, ইলিয়াস আলী, রুস্তুম আলী, আবুল মিয়া, ডাক্তার আব্দুন নুর, হাজী আলতাব মিয়া, আমির আলী, আবদুল হক, লিটন মিয়া, বাহার মিয়া, নিহতের ছেলে শিশু মাহফুজ মিয়া, নিহতের ভাই ফজল করিমসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, গত ৩০ অক্টোবর ইছামতী বাজারে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে বনগাঁও গ্রামের চুনাপাথর ব্যবসায়ী মানিক মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। তারা দাবি করেন, এ ঘটনার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কামরুল ও তার অনুসারীরা জড়িত। ওই দিন বাজারে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
বক্তারা আরও বলেন, মানিক মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করলেও এখনো মূল অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি। বরং অভিযুক্ত পক্ষ নিহতের স্বজন ও এলাকাবাসীর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করা হয়।
মানববন্ধনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, হত্যাকাণ্ডে জড়িতরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তারে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।
এ সময় নিহতের শিশু পুত্র মাহফুজ মিয়া পিতার হত্যার বিচার চেয়ে বলেন, “আমার বাবাকে হত্যা করার দুই মাস পেরিয়ে গেলেও এখনো আসামিরা ধরা পড়েনি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”
মানববন্ধন শেষে ইছামতী বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ রহমান
মন্তব্য করুন: