আপত্তিকর ফেসবুক স্ট্যাটাস: সিলেট টাইটান্সের ম্যাচ বর্জনে সাংবাদিকরা
বিপিএল ২০২৬-এর সিলেট পর্বে মাঠের খেলার উত্তাপ ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর বিতর্কিত ফেসবুক স্ট্যাটাস। সাংবাদিকদের উদ্দেশ্যে করা তার অবমাননাকর ও কটাক্ষপূর্ণ মন্তব্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে গণমাধ্যম অঙ্গনে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে ফাহিম আল চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুক পেজে সাংবাদিকদের ‘ভিউ ব্যবসায়ী’ আখ্যা দিয়ে লেখেন, নেগেটিভ সংবাদ ছড়িয়ে তারা জীবিকা নির্বাহ করেন,যা পেশাদার সাংবাদিকতার প্রতি সরাসরি অবজ্ঞা ও অসম্মান বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই বক্তব্যকে দৃষ্টিকটু, ঔদ্ধত্যপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দায়িত্ব পালনরত সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে সিলেট টাইটান্সের দিনের ম্যাচ বর্জনের ঘোষণা দেন।
সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়,আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ওই আপত্তিকর পোস্ট অবিলম্বে অপসারণ করতে হবে। অন্যথায়, সিলেট টাইটান্সের—সকল বিপিএল ম্যাচ,প্র্যাকটিস সেশন ও প্রেস কনফারেন্স সম্পূর্ণভাবে বয়কট করা হবে।
সাংবাদিকরা আরও বলেন, গণমাধ্যম কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিপক্ষ নয়। প্রশ্ন তোলা, সমালোচনা করা ও সত্য তুলে ধরা সাংবাদিকতার মৌলিক দায়িত্ব। সেই দায়িত্ব পালনের কারণে সাংবাদিকদের হেয় প্রতিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। বহু সাংবাদিক ও গণমাধ্যমকর্মী ফাহিম আল চৌধুরীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে একাত্মতা প্রকাশ করেছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফাহিম আল চৌধুরীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ক্ষমা বা ব্যাখ্যা পাওয়া যায়নি।
ডি আর ডি
মন্তব্য করুন: