অপারেশন ডেভিল হান্ট ফেজ-২
ছাতকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার
সুনামগঞ্জের ছাতক উপজেলায় চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অভিযানে নাশকতা মামলার পলাতক আসামি ও ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন চরমহল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ওয়াসিম উদ্দিন (৩৬)। তিনি গারুচড়া গ্রামের লাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওয়াসিম উদ্দিনের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ছাতক থানার একটি মামলায় (এফআইআর নং-২৮, জি আর নং-২১৬, তারিখ ২২ জুলাই ২০২৫; ধারা—১৫(৩)/২৫০, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪) তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
থানা সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর অংশ হিসেবে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বাড়ি ঘিরে তাকে আটক করে। পরে শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি নাশকতা মামলার পলাতক আসামি। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান চলছে। অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অভিযান আরও জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা টহল বৃদ্ধি করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: